খালেদা জিয়ার সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন হবে ২০১৯ সালের ২৯ এপ্রিল। বিএনপিকে সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত নির্বাচন ঠেকাতে খালেদা জিয়া অগণতান্ত্রিকভাবে যতরকম অস্ত্র আছে সব ব্যবহার করেছেন। কোন কাজ হয়নি। তার সকল অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে। গণতান্ত্রিক রীতি-নীতিকে বিসর্জন দিয়ে এখন আবার তিনি ঈদের পর আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছেন। সব অস্ত্র প্রয়োগ করেও যখন তিনি নির্বাচন ঠেকাতে পারেননি, এবারও তার আন্দোলনের হুমকি সফল হবে না। জেলা সদর উপজেলার ধনিয়া ও ইলিশা ইউনিয়নে গতকাল রবিবার অতি জোয়ারে প্লাবিত দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশের জনগণের কল্যাণ এবং উন্নয়ন করছে। অপরদিকে বিএনপি সে উন্নয়নের ধারাকে ব্যাহত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তিনি আরো বলেন, নেদারল্যান্ডস সরকার ভোলার নদী ভাঙ্গন রোধে ব্যাপক অর্থায়ন করবে। বর্তমানে ভাঙ্গন রোধে কার্যক্রম চলছে। বোরহানউদ্দিন থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ নভেম্বরে চালু হলে ভোলায় আর বিদ্যুত্ সমস্যা থাকবে না। এ সময় তার সাথে ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ। দুর্গতদের মাঝে তিনি ২ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।