ঘরজামাইকে কুপিয়ে ও জবাই করে খুন করল শ্বশুর

কিশোরগঞ্জে শ্বশুরের হাতে জামাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রূপক ওরফে ওমর ফারুক (২৮) শহরের বত্রিশ এলাকার বাসিন্দা। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে রূপক স্ত্রীসহ পূর্ব তারাপাশা এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। সম্প্রতি শ্বশুর আবু বাক্কারের সঙ্গে তার মনোমালিন্য হয়। গত বুধবার তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যান। 

বৃহস্পতিবার দুপুরে রূপক আসবাবপত্রসহ অন্য মালামাল নিতে শ্বশুর বাড়িতে গেলে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বাক্কার ধারালো অস্ত্র নিয়ে রূপককে ধাওয়া করে এবং আলী হোসেনের বাড়ির সামনে প্রথমে রূপকের মাথায় কোপ দেয়। পরে তাকে জবাই করে। এতে ঘটনাস্থলে রূপক মারা যায়। ঘটনার পর শ্বশুর আবু বাক্কার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র হাতে পলিয়ে যায়। 

আরও পড়ুন: নুসরাত হত্যা মামলা নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে ধরতে পুলিশি অভিযান চলছে। 

ইত্তেফাক/অনি