সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে কাঠের ঝুঁকিপূর্ণ সেতু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:১০
সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া এলাকার ডিএনডি খালের উপর নির্মিত কাঠের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ সেতু দিয়ে প্রতিদিন আদমজী ইপিজেডে কর্মরত নারী শ্রমিকসহ শত শত পথচারী ঝুঁকি নিয়ে যাতয়াত করতে বাধ্য হচ্ছে। বর্তমানে সেতুর বেশির ভাগ অংশের কাঠ ও এঙ্গেল ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যে কোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সেতুটি পারাপার করতে গিয়ে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের কদমতলী উত্তরপাড়া এলাকার নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড সড়ক সংলগ্ন ডিএনডি খালের উপর কাঠের এ সেতুটি নির্মিত হয় ২০১০ সালে। তত্কালীন সিদ্ধিরগঞ্জ পৌরসভার অর্থায়নে মিজমিজি, পাইনাদী, কদমতলী এলাকার লোকজনের পারাপারের সুবিধার্থে শিমরাইল থেকে কদমতলী এলাকা পর্যন্ত ডিএনডি খালের উপর ৫টি কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। এসব কাঠের সেতুগুলো এলাকাবাসীর যথেষ্ট উপকারে আসলে বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা জানান, সিটি মেয়র প্রকৌশলীকে ডেকে সেতুটি মেরামতের জন্য নির্দেশ দিয়েছেন।