খারাপ রাস্তা মেয়েদের ভালো ঘরে বিয়ের অন্তরায়!
ফরিদপুর প্রতিনিধি/ ভাঙ্গা সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:১০
আমাদের এলাকার মেয়েদের ভাল ঘরে বিয়ে দিতে পারি না। বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকা সত্ত্বেও আমাদের এলাকার কোন মেয়েকে ভাল কোন ছেলেরা বিয়ে করে না শুধুমাত্র এই রাস্তাটার অভাবে। ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের পাতরাইল গ্রামের গৃহবধূ নার্গিস বেগম এভাবেই জানালেন তার ক্ষোভের কথা। আর এই রাস্তাটির অভাবেই সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে কৃষি প্রধান এই এলাকার দুইটি ইউনিয়নের বাসিন্দারা।
ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের দিঘীর পাড় কাশেম মাতুব্বরের বাড়ি থেকে বাগবাড়ি খালেদ মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তাটি (দেওরা-পাতরাইল সংযোগ সড়ক) দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। আজিমনগর ও কালামৃধা ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। ২০১৩-১৪ অর্থ বছরে এলজিএসপি’র অগ্রাধিকারভিত্তিতে রাস্তাটিতে অর্থ বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। এলাকার কয়েকজন বাসিন্দা রাস্তার জন্য নিজের জমি ছেড়ে দেয়, কিছু জমি এলাকাবাসী টাকা তুলে কিনে নেয়। রাস্তার কাজ শুরু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই রাস্তার কাজে বাধা দেয় স্থানীয় প্রভাবশালী একটি মহল। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন কয়েক দফা সালিশ দরবার করে বিষয়টির কোন সুরাহা করতে পারে নাই।
এলাকার প্রবীণ শিক্ষক খালেক মাতুব্বর বলেন, কাছাকাছি একমাত্র পাতরাইল মসজিদ থাকায় এই সড়ক দিয়েই আমাদের মসজিদে যেতে হয়। কিন্তু রাস্তার কাজ মাঝপথে বন্ধ থাকায় একটু বৃষ্টি নামলে মসজিদে যাওয়া যায় না।