ধামরাইয়ে তিনজনসহ পৃথক ঘটনায় ১০ জন নিহত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় গতকাল সোমবার সকালে যাত্রীবাহী বাসের সাথে মাছ ভর্তি পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দগঞ্জ গ্রামের মৃত ইমতাজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০), ঘিওর থানার আনোয়ার হোসেনের ছেলে মো. কায়সার আহমেদ (২২) এবং হরিদাস নামে একজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাড়াশে ২ মত্স্য ব্যবসায়ী নিহত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল সোমবার সকালে একটি ট্রাক মাছ বোঝাই পিকআপের উপর আছড়ে পরে ঘটনাস্থলেই দুইজন মত্স্য ব্যবসায়ী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন, বিপদ হালদার (৪৫) ও জাকারিয়া (৪৫)। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুরে যুবলীগ নেতা নিহত লক্ষ্মীপুরের রায়পুরে গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ইফতার পার্টি শেষে বাড়ি ফেরার পথে বাসাবাড়ী এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. আলাউদ্দিন হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সে ২নং উত্তর চরবংশী ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ও এইক এলাকার মৃত আব্দুল হাকিম সৈয়ালের ছেলে। সুনামগঞ্জে গ্রাম পুলিশ নিহত সুনামগঞ্জ সদর উপজেলার আখতারপাড়া এলাকায় গত রবিবার রাতে লেগুনার ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে মনিন্দ্র পাল (৫৫) নামে এক গ্রাম পুলিশ নিহত ও দু’জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। নিহত মনিন্দ্র দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের মৃত মহেশ পালের ছেলে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমীন জানান, গ্রাম পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় গত রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আলী আজম (৭০) নামে এক সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়ায় এক ব্যক্তির মৃত্যু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের পাশে গতকাল সোমবার দুপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি রেল লাইন ধরে পায়ে হেঁটে উল্লাপাড়ার দিকে আসছিলেন। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। বিজয়নগরে লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উথালিয়াপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে সুমন বর্মন (২৫) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিজয়নগর থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।