ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর দুপুরে নগরীর সিটি বাজারের সামনে অবিরাম শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অবিরাম শিল্পীগোষ্ঠীর বিভিন্ন বয়সী শিল্পীরা গান গেয়ে ইসরাইলের এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিম উম্মাকে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পরে অবিরাম শিল্পীগোষ্ঠীর পরিচালক হাফেজ নূর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি শামসুল ইসলাম, ইসলামী আন্দোলন রংপুরের যুগ্ম-সম্পাদক হাফেজ মোছাদ্দেক আলী, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া হাবিব প্রমুখ। নওগাঁ নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল। এতে বক্তব্য রাখেন- রতন সাহা রঘু, কায়েস উদ্দিন, বিন আলী পিন্টু, বাসদ জেলা সদস্য কালিপদ সরকার, সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি জয়ন্ত বর্মন। দুমকি (পটুয়াখালী) দুমকি উপজেলার বগা-বাউফল সড়ক সংলগ্ন দুমকি থানাব্রীজ এলাকায় আমরা করব জয় সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনে নারী ও শিশু হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- ডা. নাইমুর রহমান জয়, আঃ রাজ্জাক মৃধা ও মানবাধিকার কর্মী ও সাংবাদিক সুশীল মো. জামাল হোসেন। সৈয়দপুর (নীলফামারী) ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুরের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতিয়ার কবীর, পৌরসভার সাবেক কমিশনার মো. শাহীন আকতার শাহীন, প্রকৌশলী মো. আরিফ আনিছ, খালিদ ইকবাল, আব্দুল্লাহ আল মামুন, মো. সামিউল হক ও মো. তুরাফ হোসেন প্রমুখ। জগন্নাথপুর (সুনামগঞ্জ) উপজেলার মীরপুর এলাকার সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মীরপুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, এম এ নূর, মাওলানা আবুল কালাম, মাওলানা মুহিউদ্দিন এমরান, সমাজসেবক আব্দুল হান্নান, শিক্ষক মিজানুর রহমান, হাজি এনামুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক সুয়েব আহমদ রাশেদ, ফয়ছল আহমদ, মহিব উদ্দিন সেলিম প্রমুখ। আলফাডাঙ্গা (ফরিদপুর) উপজেলার সর্বস্তরের ছাত্রসমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে গাজায় নির্বিচারে শিশু ও নারী হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম নাঈম ও আবু সালেহ মুহিত-এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যাপক মেহেরুল ইসলাম, অধ্যাপক মোরাদ হোসেন তালুকদার, আব্দুল মান্নান আব্বাস, নূরুজ্জামান খসরু প্রমুখ। নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের উপর গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে নান্দাইলবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী দীর্ঘ লাইনের এই মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলী আসকার খান, লুত্ফর রহমান, ইমদাদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এই গণহত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানান।