গৌরনদী এলাকায় মহাসড়কের দুরবস্থা চরমে

দীর্ঘদিন যাবত্ মেরামত বা সংস্কার না করার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী এলাকা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে দূরপাল্লার শতশত বাসসহ বিভিন্ন যানবাহন। সড়কের বেহাল দশার কারণে জনদুর্ভোগ বাড়ছে, দুর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা বাড়ছে দিন দিন। কিন্তু বিষয়টি দেখেও না দেখার ভান করছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা থেকে বাটাজোর এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের বেহালদশা। মহাসড়কের গৌরনদী এলাকার বিভিন্ন অংশে সড়কের মাঝখানের পিচ-খোয়া উঠে গিয়ে অসংখ্য খাদের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে তাতে কাঁদা ও হাঁটু পানি জমে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের গোটা গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সবচেয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।