বিভিন্ন স্থানে পাঁচজন খুন
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:২৫
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
রূপগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালনী এলাকায় গতকাল সোমবার ভোরে চোর সন্দেহে আব্দুস সাত্তার (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। দাউদপুর ইউপি সদস্য মহিবুর রহমান জানান, হাবিবুর রহমানের বাড়ির পাশে আব্দুস সাত্তার ঘুরাফেরা করতে থাকে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটকের পর গণধোলাই দেয়। পরে তাকে গাছের সাথে বেঁধে রাখে। আব্দুস সাত্তারের পিতা লাল মিয়া উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাজীপুরে বৃদ্ধ খুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাজনাবাড়ি গ্রামে গতকাল সোমবার সকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে মুজিবুর রহমান নামে এক বৃদ্ধ খুন ও তিনজন আহত হয়েছেন। কাজীপুর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাট জাগ দেয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানের সাথে একই গ্রামের আব্বাস আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে এক অপরকে আঘাত করে। এতে আব্বাসের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মুজিবুর রহমান মারা যায়। এ সময় শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও তহমিনা খাতুন আহত হন। কাজীপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কাজীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আড়াইহাজারে নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, মহিলাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। লাশের পাশে বিভিন্ন রকমের খাবার পাওয়া গেছে।
চৌদ্দগ্রামে অর্ধগলিত লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ফালগুনকরা জঙ্গল থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ সাহা জানান, অন্য কোন স্থানে হত্যা শেষে দুর্বৃত্তরা অর্ধগলিত লাশটি সেখানে ফেলে যায়। লাশটির গায়ে জামা ও পরণে লুঙ্গি ছিল।
আখাউড়ায় লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মুখ মাটি দিয়ে চাপা দেয়া ছিল। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।