শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ঘটনায় মেরিন ছাত্রের লাশ উদ্ধার
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:২৫
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল হাসানের (২০) লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার ময়না রানী নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলাম জানান, সোমবার শীতলক্ষ্যা নদীর কেরোসিন ঘাট এলাকায় রাকিবুলের লাশ ভেসে উঠে। লাশ ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শুক্রবার ট্রলার ডুবির পর ওই সময়ে কেউ নিখোঁজের দাবি করেনি। কিন্তু তার পরেও নদীতে তল্লাশি অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ ফাঁড়ি। পরে শনিবার রাকিবুলের বাবা নিখোঁজ দাবি করে সদর মডেল থানায় একটি জিডি করেছিল।