সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও হয়রানি বন্ধ হয়নি
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:২৫
সাভার সাব রেজিস্ট্রি অফিসের কেরানী আব্দুল হামিদকে বরখাস্ত করার পরও থামেনি দুর্নীতি ও অনিয়ম। ভুক্তভোগীদের অভিযোগ- সাভার সাব রেজিস্ট্রি অফিসের জমি রেজিস্ট্রি করতে গেলে সব কাগজপত্র ঠিক থাকলেও সাব-রেজিস্ট্রারের পিয়ন ও কেরানীকে অতিরিক্ত টাকা না দিলে নানা ধরনের হয়রানির স্বীকার হতে হয় তাদেরকে। এছাড়াও দুর্নীতি চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি এখন প্রকট আকার ধারণ করেছে। সাভার সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতির এক নেতার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবত্ ভিটে জমিকে চালা জমি, চালা জমিকে নাল জমি দেখিয়ে দলিল রেজিস্ট্রির মাধ্যমে সরকারের কোটি কোটি রাজ্স্ব ফাঁকি দিচ্ছে। সাভারের ফুলবাড়িয়া এলাকার শফিকুল নামের এক ব্যক্তি জানান, ফুলবাড়িয়া এলাকায় তার ক্রয়কৃত পাঁচ শতাংশের একটি জমি রেজিস্ট্রি করতে গেলে অতিরিক্ত টাকা গুনতে হয় তাকে। সাব-রেজিস্ট্রি অফিসের কেরানী মামুনকে ৬ হাজার টাকা ও পিয়ন রহিমকে সাব-রেজিস্ট্রারের ফি বাবদ দেড় হাজার টাকা অতিরিক্ত দিতে হয়েছে। এব্যাপারে সাভার সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার ইসকান্দার আলীর সাথে যোগযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। এব্যাপারে ঢাকা জেলা সাব-রেজিস্ট্রার আব্দুল কাইয়ুম বলেন, এ ধরনের অনিয়মের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।