মিশনে ডাকাতির ঘটনায় মিঠাপুকুরে মানববন্ধন

মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর ক্যাথলিক মিশনে ডাকাতি ও সন্যাসী সিস্টারদের উপর নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার রংপুর-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে খ্রিস্টান সমপ্রদায়ের শতশত নারী-পুরুষ। পরে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মহাসড়কের দু’পাশে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের ৯ জেলা নিয়ে গঠিত দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ (ধর্মগুরু) সেবাস্ট্রিয়ান টুডু, ন্যায় ও শান্তি কমিশনের সাধারণ সম্পাদক ফাদার আন্তনী সেন, দিনাজপুর ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার মারকুস মুর্মু ও বলদীপুকুর ক্যাথলিক মিশনের ইনচার্জ ফাদার মাইকেল তিগ্যা। মানববন্ধনে ইতালি ও স্পেনের কয়েকজন ধর্মযাজক উপস্থিত ছিলেন। সেবাস্ট্রিয়ান টুডু বলদীপুকুর ক্যাথলিক মিশনে ডাকাতি ও সিস্টারদের উপর নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার এবং সংখ্যালঘু খ্রিস্টান সমপ্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। মানববন্ধন শেষে ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।