অসাম্প্রদায়িক দেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে হবে -ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং অসামপ্রদায়িক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোমবার শাহবাগে গণজাগরণ মঞ্চের ‘ফিরে দেখা জামায়াত ও বিএনপির তাণ্ডব’ শীর্ষক প্রতিবাদী কার্টুন প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের আত্মত্যাগে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা এবং স্বাধীন বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। এই সব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তিনি আরো বলেন, এই প্রতিবাদী কার্টুন প্রদর্শনীর আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। দেশবাসীকে সচেতন করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। তিনি প্রতিবাদী কার্টুন চিত্র উদ্বোধন শেষে ঘুরে দেখেন। এ সময় গণজাগরণ মঞ্চের সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল পাশা চৌধুরী, কবীর চৌধুরী তন্ময়, হাবিবুল্লাহ মিছবাহ, এফএম শাহীন, মেহেদি হাসান, মুকুল হাসান প্রমুখ।