বর্বরতায় হিটলারকেও ছাড়িয়ে গেছে ইসরাইল—তুরস্কের প্রধানমন্ত্রী

গাজায় ব্যাপক বিধ্বংসী হামলা চালিয়ে ইসরাইল এডলফ হিটলারের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। শনিবার দেশটির কৃষ্ণসাগরীয় অঞ্চলের অরদো শহরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্য গাজায় চলমান ইসরাইল আগ্রাসন নিয়ে তীব্র ক্ষোভ জানান এরদোয়ান। তবে নিজ দেশের ইহুদি নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। একসময় আঙ্কারার সঙ্গে প্রতিবেশী ইহুদি রাষ্ট্র ইসরাইলের উষ্ণ সম্পর্ক থাকলেও ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের খড়গহস্তের কারণে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, গাজায় ইসরাইলের ১৩ দিনের সেনা অভিযানে নারী-শিশুসহ ৪০০ মানুষ মারা গেছে। সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, “ইসরায়েলের কোনো নৈতিকতা নেই। তারা বিচার বিবেচনাহীন। যারা হিটলারের হত্যাযজ্ঞের জন্য রাতদিন তাকে গালি দিয়ে আসছে, তারাই বর্বরতায় হিটলারকে হার মানিয়েছে।” ইসরাইল নিয়ে যুক্তরাষ্ট্রের ‘একপাক্ষিক কৌশলের’ও সমালোচনা করেন এরদোয়ান। গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নেয়ার কারণে মুসলিম বিশ্বের প্রতিও অনুতাপ জানান তিনি। সমাবেশে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও নিজ দেশের ইহুদি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সমর্থকদের সতর্ক করেন এরদোয়ান। “তবে এতোকিছুর পরেও আমাদের ইহুদি নাগরিকদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক আচরণ আমি মেনে নেব না। কেন? কারণ, তারা আমাদের দেশের নাগরিক।”