সংবাদ কণিকা
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:৩৪
যুক্তরাষ্ট্রে এইডস সংক্রমণ কমেছে
যুক্তরাষ্ট্রে এক দশকে এইডস রোগের জন্য দায়ী এইচআইভি ভাইরাস সংক্রমণ এক-তৃতীয়াংশ কমেছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত গবেষণা চালিয়ে গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন। ২০০২ সালে প্রতি লাখে ২৪ জন এইডস রোগী পাওয়া গেলেও ২০১১ সালে তা কমে ১৬ জনে দাঁড়িয়েছে। তবে ২৪ থেকে ৪৫ বছর বয়সী সমকামী ও উভকামীদের মধ্যে এইডস সংক্রমণের হার বেড়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারাবিশ্বে তিন কোটি পঞ্চাশ লাখ মানুষ এইচআইভি ভাইরাস বা এইডসে আক্রান্ত। এদের ১০ লাখেরই বাস যুক্তরাষ্ট্রে। —বিবিসি
কমেছে রৌসেফের সমর্থন
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সমর্থন দুই সপ্তায় কিছুটা কমে গেছে। এক্ষেত্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে এবং তখন নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধান থাকবে খুবই সামান্য। একটি জরিপে এসব তথ্য উঠে আসে। ব্রাজিলের ভোটারদের মধ্যে রৌসেফের সমর্থন জুলাই মাসের শুরু থেকে কমে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরের অক্টোবরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ডাটাফোলহা পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, রৌসেফের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দল পিএসডিবি পার্টির প্রার্থী আয়েসু নেভিসের সমর্থন অপরিবর্তিত রয়েছে। —রয়টার্স
হত্যা-ধর্ষণের অভিযোগ
উত্তর ইরাকের অধিকাংশ এলাকা দখলের সময় হত্যা, ধর্ষণ এবং জোরপূর্বক শিশুদের বাহিনীতে ভর্তি করানোর অভিযোগে ইরাকের ইসলামি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে অভিযুক্ত করেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে জাতিসংঘ বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন ধরনের সহিংসতার বিবরণ তুলে ধরে। প্রতিবেদনে ইরাকি সরকারি বাহিনী ও এর মিত্রবাহিনীগুলোকে অভিযুক্ত করা হলেও বেশিরভাগ অভিযোগই নির্দিষ্টভাবে ইসলামিক স্টেটের বিরুদ্ধে। চলতি বছর ইরাকের গৃহযুদ্ধে ৫৬০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। —রয়টার্স