যানজটে নাকাল না’গঞ্জ মহানগরবাসী

ঈদ যত ঘনিয়ে আসছে নগরী জুড়ে যানজট যেন তীব্র আকার ধারণ করছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের চাষাঢ়া মোড় থেকে ডিআইটি পর্যন্ত যানজটের কবলে নাকাল নগরবাসীর জীবন যাত্রা। নারায়ণগঞ্জ শহরে এখন চলাচল অসাধ্য হয়ে উঠেছে। অতিরিক্ত রিকশা আর ইজিবাইকের পাশাপাশি শুধু ফুটপাত নয় মূল রাস্তাও অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। চাষাঢ়া থেকে ডিআইটি পর্যন্ত ১ কি.মি রাস্তা অতিক্রম করতে অনেক সময় লেগে যায়। ইতিমধ্যেই জেলা প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঈদকে সামনে রেখে জেলার যানজট নিরসনে ১৯২ জন ট্রাফিক সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়ে ছিলেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। সেই লক্ষ্যে জেলার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সদস্যদের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও টার্নিং পয়েন্টগুলোতেও একাধিক ট্রাফিক সদস্য নিয়োজিত করা হয়েছে। তবুও যেন যানজট নিয়ন্ত্রণ করতে পারছে না দায়িত্বরতরা। গতকাল সোমবারও শহরের চাষাঢ়া এলাকা থেকে ডিআইটি পর্যন্ত ছিলো তীব্র যানজট। শহরের চাষাঢ়া থেকে ডিআইটি পর্যন্ত যেতে যেখানে ১০ মিনিটের বেশি সময় লাগার কথা নয় সেখানে যানজটের কারণে এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে।