চেলসিতে ফিরছেন দ্রগবা!
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:৫৭
দিদিয়ের দ্রগবা এক বছরের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে তার পুরনো ক্লাব চেলসিতে ফেরার বিষয়টি বিবেচনা করছেন।
আইভরি কোস্টের এই স্ট্রাইকারটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করার পর ২০১২ সালে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে যান। তুরস্কের ক্লাব গ্যালাতাসারায়ের সাথে ১৮ মাসের চূক্তি শেষে দ্রগবা এখন মুক্ত খেলোয়াড়। যদিও তার প্রতিনিধি জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত পাকাপাকি কোনো সিদ্ধান্ত হয়নি এবং চেলসি হচ্ছে বেশ ক’টি বিকল্পের একটি। তবে আলোচনা এখনো চলছে। ৩৬ বছর বয়সী দ্রগবা চলতি সপ্তাহেই সম্ভাব্য প্রত্যাবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।
দ্রগবা সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপে আইভরিকোস্টের হয়ে খেলার পর এখন নিজের ভবিষ্যত্ কি হবে তা খতিয়ে দেখছেন। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া আইভরিকোস্টের হয়ে একটি ম্যাচে প্রথম থেকে এবং অপর দুটিতে বদলি হিসেবে খেলেছিলেন দ্রগবা। তার দল অবশ্য গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
ফরাসি ক্লাব মার্সেই থেকে ২০০৪ সালে দুই কোটি ৪০ হাজার পাউন্ডে চেলসিতে যোগ দেয়া দ্রগবা স্টাম্পফোর্ড ছাড়ার আগে ক্লাবটির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ, দুটি লিগ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন।
গত মৌসুমে তুর্কি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন আইভরিকোস্টের এই তারকা ফুটবলার। শেষ ষোলর লড়াইয়ে চেলসির কাছে হেরেছিল দ্রগবার গ্যালাতাসারায়। দ্বিতীয় লেগের খেলাটির আগে চেলসি কোচ হোসে মরিনহো তার এই শীষ্যের প্রশংসা করে বলেছিলেন, ‘সে ২৬ বছরের যেমন ছিল, ৩৬ বছরেও কী এমনটাই আছে? কেউই এমন থাকতে পারে না। তারপরেও সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।’
দ্রগবা যেখানেই থাকুন না কেন এখনো লন্ডনের ক্লাবটির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে ফেব্রুয়ারিতে বিবিসি’র সঙ্গে এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যখন একটি ক্লাবে সুখী থাকেন, তখন আপনি আজীবনই থাকতে চাইবেন। কিন্তু এমন কিছু সময়ও আসে, যখন আপনি যা চান তার সবকিছু করতে পারেন না। আমি যা কিছু অর্জন করেছি, তাতেই গর্বিত। ভাল না লাগলে এক জায়গায় দীর্ঘ আট বছর আপনি থাকবেন না। বিশেষ করে ফুটবলের মতো খেলায়।’—বিবিসি স্পোর্টস