খালেদা জিয়া ও তারেক রহমানের মদীনায় তারাবীর নামাজ আদায়

সৌদি আরবের মদীনায় পবিত্র মসজিদে নববীতে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে তারা সেখানে পরিবার-পরিজন নিয়ে তারাবীর নামাজ আদায় করেন এবং এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর রওজা মোবারক জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেন। মসজিদে নববীতে তারা ফজরের নামাজ আদায় করেন। এর আগে তারা মসজিদে নববীতে অবস্থিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। সেখানে দোয়া মোনাজাত করেন তারা। এসময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, মিসেস শামীম ইস্কান্দারসহ বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গীরা। রবিবার সন্ধ্যায় সৌদি বিএনপির নেতাকর্মীদের নিয়ে মসজিদে নববিতে ইফতার করেন তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সৌদি বাদশাহ’র আমন্ত্রণে মদিনা সফররত বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও পরিবারের সদস্যরা দারুল ঈমান হোটেলে অবস্থান করছেন। তারেক-পার্থ-মাসুদ সাঈদীর ইফতার পবিত্র মদিনা শরীফে একসঙ্গে ইফতার করলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে মাসুদ সাঈদী। তারা কুশল বিনিময় ছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন পার্থ এবং মাসুদ সাঈদী। ইফতারে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র সভাপতি আহমেদ আলী মুকিবসহ সফরসঙ্গী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রকিবুল ইসলাম বকুল, বিএনপি নেতা ও সৌদি আরব সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আবদুর রহমান, তাঁতী দলের কেন্দ ীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক আব্দুল জলিল, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতউল্লাহ চৌধুরী প্রমুখ অংশ নেন।