গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
হাটহাজারিতে চার সন্তানসহ মায়ের মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২২:৫৮
হাটহাজারীতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মা, তিন মেয়ে ও ছেলেসহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মির্জাপুর সরকার হাট বাজার এলাকার কুমারীকুলে রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় সরকার হাট বাজারের কাঁচা তরকারি ব্যবসায়ী মাহবুবুল আলম সওদাগর ছাড়া ঘরের আর কেউ বেঁচে নেই। নিহতরা হলেন- মাহবুব আলম সওদাগরের স্ত্রী রোজিনা আক্তার (৩৮), তিন মেয়ে রিমা আক্তার (৯), সিমা আক্তার (৭), ঝুমা আক্তার (৩) ও ছেলে মারুফ হোসেন (৫)।
ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। একই পরিবারের ৫ জন নারী ও শিশু নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।