ইউনাইটেড এয়ারওয়েজের বিমান দুর্ঘটনা
২৪ ঘণ্টা পর কক্সবাজার বিমান বন্দর পুনরায় চালু
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২৩:০১
প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর কক্সবাজার বিমান বন্দর পুনরায় চালু হয়েছে। রবিবার বিকালে ইউনাইটেড এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান রানওয়েতে দুর্ঘটনাকবলিত হওয়ায় অচলাবস্থা দেখা দেয়। গতকাল সোমবার সিভিল এভিয়েশনের লোকজন সারাদিন চেষ্টা করে বিকালে বিমানটি রানওয়ে থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়। আজ মঙ্গলবার থেকে এই বিমান বন্দরে স্বাভাবিকভাবে বিমান ওঠানামা করতে পারবে বলে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে।
কক্সবাজার বিমান বন্দরের এভিয়েশন ম্যানেজার হাসান জহির জানান, রবিবার বিকালে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান অবতরণের সময় চাকা ফেটে রানওয়েতে বসে যায়।
উল্লেখ্য, টার্বো ইঞ্জিনচালিত ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে এসে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এসময় সামনের একটি চাকা ফেটে গেলে তীব্র ঝাঁকুনি খেয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। কোন বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।