লোকসভায় ভরাডুবির প্রথম পর্যালোচনা বৈঠক করলেন রাহুল

ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে ভরাডুবির পর প্রথমবারের মতো দলীয় নেতা-কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। গত ১৭ জুলাই দিল্লিতে তিনি এই বৈঠক করেন। এসময় কংগ্রেসের অনেক নেতা তার সঙ্গে সাক্ষাত্ করেন। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী বৈঠকে নির্বাচনী ফলাফল নিয়ে বিশ্লেষন করেন রাহুল গান্ধী। দলিত, উপজাতি এবং গরীব মানুষের ভোট কেমন ছিল সেই বিষয়টি নিয়ে দলের একটি টিমের সঙ্গে বিচার বিশ্লেষণ করেন রাহুল গান্ধী। দেখা যায়, এসব গোষ্ঠী থেকে ভোট ঠিকমতোই পেয়েছে। খুব একটা হেরফের হয়নি। গত ১৬ মে ফল ঘোষণা করা ফলাফলে দেখা যায়, কংগ্রেস মাত্র ৪৪ টি আসন পেয়েছে যা ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচনের পর থেকে সবচেয়ে কম। বৈঠকে রাহুল গান্ধী নিজের অবস্থান তুলে ধরেন। রাহুল গান্ধী বৈঠকে বলেন, তিনি চান গরীব এবং নিম্নবর্ণের মানুষ ক্ষমতার দিকে অগ্রসর হোক। উত্তর ভারতে এই কৌশল কাজে লাগতে পারে। গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল এবং ছত্তিশগড়ের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এসব রাজ্যে দলিত সমপ্রদায় এবং সংখ্যালঘু সমপ্রদায় এখনো কংগ্রেসকেই তাদের পছন্দের দল হিসেবে মনে করেন। তবে প্রভাবশালী দলিতরা এখনো মায়াবতীর বহুজন সমাজ পার্টিকে পছন্দ করেন। রাহুল গান্ধী মনে করেন, উত্তর ভারতে যদি দলিতদের মধ্যে ভালভাবে প্রচার চালানো এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায় তাহলে হয়তো এখান থেকে ভাল ফল আসতে পারে। নিম্নবর্ণের হিন্দুদের জন্য সংরক্ষিত আসনগুলোতে কংগ্রেস এখন যোগ্য প্রার্থীদের খুঁজে বের করবে। কংগ্রেস এখন শীর্ষ নেতা একে অ্যান্টনির কাছ থেকে নির্বাচনী ফলাফলের পোস্ট মর্টেম রিপোর্টের অপেক্ষায় আছে।