‘আমার বাবাকে ফিরিয়ে দাও’

গাজায় ইসরাইলি বিমান হামলায় একের পর এক ফিলিস্তিনি পরিবার নিস্ব হচ্ছে। গতকাল সোমবার ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার সাথে দেয়া ছবিতে দেখা যাচ্ছে ইসরাইলি হামলার পর রক্তাক্ত এক শিশুকে পরিচর্যা করছেন গাজার আল-শিফা হাসপাতালের এক চিকিত্সক। অজ্ঞান শিশুটির হঠাত্ জ্ঞান ফিরে এলে তার মনে পড়ে যায় বোমায় তাদের বাড়িটি ধুলোর সাথে মিশে যাবার সময় বাবাও সাথে ছিল। আশেপাশে বাবাকে না দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে চিকিত্সকের জামার কলার ধরে গলা ফাঁটিয়ে চিত্কার করে বলতে থাকে -আমার বাবা কই? বাবাকে এনে দাও! কিন্তু তার বাবা তখন নিহত। সন্তান হাজার কান্নাকাটি করলেও তিনি আর ফিরবেন না। হূদয়বিদারক দৃশ্য দেখে হাসপাতালে উপস্থিত সবার চোখ ভিজে যায়। ছবিতে খালি গায়ের শিশুটির সারা শরীরে বোমার স্প্লিন্টারের ক্ষত। হয়তো ভাগ্যগুণে বেঁচে গেছে। জানা গেছে, শিশুটির আরো তিন ভাই-বোন আহত হয়েছিল। তাদের খবর জানা যায়নি। গাজায় হামলায় প্রতিদিন অনেক শিশু এভাবে হামলার শিকার হচ্ছে।