স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি হান্নান আবার রিমান্ডে

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সভাপতি ও সাবেক ভিসি অধ্যাপক ড. এম এ হান্নান ফিরোজের দ্বিতীয় দফায় ফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গত ১৬ জুলাই ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক গতকাল সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক সামছুদ্দিন ছালেহ আহম্মেদ চৌধুরী আসামিকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড চান। রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ও অন্য আসামি রানার স্বীকারোক্তি অনুযায়ী এ আসামিকে গ্রেফতার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে প্রথম দফায় জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা জানতে আসামিকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। উল্লেখ্য, এ মামলায় গ্রেফতারকৃত ৭ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়। আসামিরা হলেন—হারুন, মেহেদী, মনির, জুয়েল, নূরে আলম সিদ্দিকী, নাজমুল ও রানা হাওলাদার। এ মামলার আসামি রাজধানীর তেজগাঁও থানার ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট রানা হাওলাদার গত ১৫ জুলাই, গত ২০ জুলাই আসামি মনির হোসেন, হারুন এবং মেহেদী ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।