ঘুষ গ্রহণের অভিযোগে ইউজিসি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২৩:১০
কুমিল্লার ব্রিটানিয়া কর্তৃপক্ষের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার ইউজিসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর “বেসরকারি বিশ্ববিদ্যালয়:সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক সকল বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত প্রেরিত ছক অনুযায়ী তথ্য প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।
সম্প্রতি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ফেরদৌস জামান কর্তৃক পাঁচ লাখ টাকা প্রেরিত ছকে নিয়ে ঘুষ দেয়ার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনে দাখিল করে। প্রাপ্ত এই অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ১৯৮৫ এর ধারা ১১(১) অনুযায়ী গতকাল সোমবার ইউজিসি কর্তৃপক্ষ ফেরদৌস জামানকে কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন।
ফেরদৌস জামানের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয় তদন্ত করে বিস্তারিত রিপোর্ট পেশ করার জন্য ইউজিসি সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।