এক ধাপ এগিয়ে

গানের মানুষ লি

লি গোমেজ। গানের মানুষ। সময় কাটে দিনের বেশিরভাগ গান দিয়ে। গানের মানুষ তো গানই পছন্দ করবেন— তাই তো স্বাভাবিক। বর্ষার এক দুপুরে তার সাথে আলাপন। কথায় কথায় চলে এল লি গোমেজের কলেজের কথা। কলেজে পড়ার সময় সবাই তাকে একটু আলাদা করে সবাই তাকে সমীহ করতেন। বন্ধুদের দলে আড্ডাটা জমে গেলেই আবদার উঠতো, লি একটা গান ধরতো। প্রথম প্রথম লি গোমেজ আবদারগুলো এড়িয়ে যাবার চেষ্টা করতেন। তবে বন্ধুদের আবদার বলে কথা। চাইলেই কি আর ফেলা যায়। আড্ডা চলতে চলতে এক সময় গান ধরতেন লি। আর বন্ধুরাও শুনতেন মন্ত্রমুগ্ধের মতো। গাইতে গাইতে যিনি গায়েন, তিনি তো আড্ডার মধ্যমণি হবেনই- তাই না! এভাবেই বিদ্যালয়-মহাবিদ্যালয়ের গণ্ডিতে গানের গলা তাকে আর বাকি দশজন থেকে আলাদা করে দিত। তাই গান নিয়েও স্বপ্ন তার। ক্ল্যাসিকাল, ফোক, রক আর জাজ— সব ধরনের গানই পছন্দ করেন লি। লি গোমেজ অনেক দিন ধরে গানের তালিম নিচ্ছেন ছায়ানট সঙ্গিত বিদ্যায়তন থেকে। ধর্মে খ্রিস্টান লি গোমেজের উপাসনালয় সেন্ট লরেন্স চার্চের ভোকালিস্ট লি গোমেজ। দুই বোনের মধ্যে ছোট লি। তাই পরিবারের পান একটু আলাদা আদর। স্কুল-কলেজে গান গেয়ে অসংখ্য পুরস্কার পেয়েছেন লী। তবে গানের পাশাপাশি পড়াশুনাটাও বেশ চালিয়ে নিচ্ছেন লি। তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষে পড়ুয়া লির স্বপ্ন— একজন পুরোদস্তুর চাকরিজীবী হওয়া। দেশের ভেতর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও ডেল-এর সোনিয়া বশীর কবিরকে আদর্শ মানেন লি গোমেজ। আর দেশের বাইরে তার পছন্দ বিল গেটস আর রতন টাটার মতো বিজনেসম্যানরা। ভবিষ্যতে হয়তো তাদের মতো বড় হতে চান বলেই তাদের এত পছন্দ করা। স্বপ্ন দেখেন অসহায় মানুষকে নিয়ে কাজ করার, ইচ্ছা আছে একটি প্রতিষ্ঠান গড়ার, যেখানে গড়ে উঠবে হাজারো মানুষের কর্মসংস্থান। আর পড়াশুনা গানের পাশাপাশি মডেলিং-অভিনয়ের কাজও করছেন লি। সামনের দিনেও এগুলোকে শখের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় লি। তবে গান হারিয়ে যাবে এমন কাজ করতে কষ্ট হয় তার। গানেই প্রাণ, গানেই জীবন এমন করেই কাটাতে চান বাকি সময়। সামনে হয়তো বহুপথ তবু গানটাকেই প্রাধান্য তার। এমন দিনের অপেক্ষায় যেদিন কেউ দেখে বলবে আরে কি মিষ্টি গানের গলা! এমন প্রশংসা আর দর্শকপ্রিয়তা পেতে কার না ভালো লাগে? লি এমন দিনেরই স্বপ্ন দেখেন। আর মানেন একটি বাণী, স্বপ্নেই বসবাস আর স্বপ্নেই বেঁচে থাকে মানুষ। সেই স্বপ্নই এগিয়ে নিয়ে যাবে লি গোমেজকে।