অন্য রকম

প্রতিভাবান বালক

৭০ বছর ধরে গণিতটির সমাধান কেউ করতে পারেনি। সিতান চেন নামের ১৭ বছরের এক তরুণ সেই গণিতের সমাধান দেবেন এমনটি কী কেউ ভাবতে পেরেছিলেন? কিন্তু ২০১১ সালে সিতান এই অসম্ভবকেই সম্ভব করেছেন। সিমেন্সের গণিত, বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিযোগিতায় এই অসাধ্যকে সাধন করে ৪০ হাজার ইউএস ডলার পুরস্কার পান সিতান। প্রতিযোগিতাটির উদ্দেশ্য হলো গণিতের অগ্রগতি এবং কম্পিউটারের সকল বিষয়ে পারদর্শীদের খুঁজে বের করা। সিতান চেনের জন্ম যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে। জর্জিয়ায় নিজের বাড়িতে বসেই তার প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন এই বিস্ময় বালক। এর আগে ২০১০ সালে একই প্রতিযোগিতায় তার গ্রুপ ২০ হাজার ইউএস ডলার পুরস্কার লাভ করে। আমেরিকার ইতিহাসে সিতানই একমাত্র এবং প্রথম ব্যক্তি যে পরপর দুইবার সিমেন্সের এই পুরস্কার অর্জন করেন। তার প্রতিভা শুধু গণিত শাস্ত্রেই সীমাবদ্ধ নয়, তিনি একজন প্রতিভাবান বেহালা এবং পিয়ানোবাদকও। সঙ্গীত সম্পর্কে সিতানের রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, ‘সঙ্গীত সমস্যা সমাধানের একটি ভালো উপায়। এটি আপনাকে এমন সব সমস্যার সমাধানে সাহায্য করে যার জন্য থাকা চায় সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং যোগাযোগ করার ক্ষমতা। সিতান এখন হার্ভার্ডে অর্থনীতি এবং গণিত বিষয়ে পড়াশুনা করছেন। এই বয়সেই তিনি সম্মানসূচক হার্ভার্ড গ্লিক্লাবের সদস্য। হার্ভার্ড কলেজ কন্সাল্টিং গ্রুপে তিনি এনালিস্ট হিসাবে কর্মরত। এখান থেকে তিনি ব্যবসা, অলাভজনক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের গ্রুপকে বিভিন্ন সমস্যার সমাধান দেন।