নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৭
উপসর্গ মনে রাখার উপায়
বাংলা দ্বিতীয়পত্র
মো. আতাউর রহমান (সায়েম)
সাবেক শিক্ষক (বাংলা)
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
উপসর্গ
প্রশ্ন: উপসর্গগুলো মনে রাখার জন্য কী কী কৌশল অবলম্বন করা যায়? বর্ণনা কর।
উত্তর: উপসর্গগুলো গল্পচ্ছলে মনে রাখার সুবিধার্থে অঘারাম ও নিমবাবুকে নায়ক করে দুটি গল্পকথা সাজিয়ে মনোযোগ দিলেই এই গল্পকথায় উপসর্গগুলো পাওয়া যাবে।
খাঁটি বাংলা ২১টি উপসর্গের জন্য গল্পকথা:
অঘারাম অকেজো। অজ পাড়াগাঁয়ে অনাদরে বড়। আধোয়া চালের ভাতও সে ভরপেটে খেতে পায় না। তবে সে আড়চোখে আড়ালে আবডালে ইতিহাসের দিকে লক্ষ করে। ভাবে, কবে সে সাজোয়ানের মতো একাই উনিশটি কদেবল খাবে, কুঅভ্যাসগুলো ত্যাগ করবে, নিখুঁতভাবে চলবে। এ নিয়ে আনকোরার মতো সে হাপিত্যেশ করতে থাকে। তার এই বিফল স্বপ্নে পাতিকাক হাসে, রামছাগল সরবে বলে সুদিন তোমার আসবে না।
তত্সম/সংস্কৃত ২০টি উপসর্গের জন্য গল্পকথা
এই অপমান অবজ্ঞা দুর্ভাগ্য ও পরাজয় অতিশয় দুঃখজনক। আরক্ত হয়ে তার সমাদরহীন প্রস্থানও হূদয় বিদারক। জীবনের বিশুষ্ক ও উত্তপ্ত উপকূলে বসে প্রতিদিন নিরক্ষর অনুগামীদের যন্ত্রণা সে সহ্য করেছে। পরিশেষে অপি নামের এক বন্ধু সুকঠিন অভিযান চালিয়ে তার নিগুঢ় অধিকার প্রতিষ্ঠা করে।
ফারসি (ফার্সি) উপসর্গের জন্য গল্পকথা:
নিমবাবুর কারখানায় বকলম বদমেজাজি বেকার কিছু লোক ফিসপ্তায় চাকরির দরখাস্ত করে। কমবখ্ত নালায়েকগুলো জানে না, গত সপ্তাহেই নিমবাবু বহু শ্রমিককে বরখাস্ত করেছেন। ওদের চাকরি হবে কি করে।
আরবি উপসর্গের জন্য গল্পকথা:
রাজার খাসমহলে খয়েরখাঁদের বাজেকাজ আমজনতা পছন্দ করে না। তাই ভয়ে খয়েরখাঁরা এখন গরহাজির থাকে, অনেকে লাপাত্তা।
ইংরেজি উপসর্গের জন্য গল্পকথা:
ফুল-বাবু হাফ-হাতা শার্ট পড়ে সাব-ইন্সপেক্টরের সাথে দেখা করার জন্য হেড-অফিসে গেলেন।
বাক্যে বিদেশি উপসর্গের উদাহরণ:
হিসেবে গড়মিল থাকলে খাসমহল লাটে উঠবে। বহাল তবিয়তে দস্তখত করে ফি-রোজ হেড অফিসে আসা-যাওয়া কর।