১৪ কার্যদিবস পর ডিএসই’র লেনদেন সাড়ে তিনশ’ কোটি টাকার বেশি

চলতি মাসে এই প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে সাড়ে তিনশ’ কোটি টাকার বেশি। এছাড়া ১৪ কার্যদিবস পর গতকাল মঙ্গলবার লেনদেন হলো ৩৭০ কোটি টাকার বেশি। এদিকে টানা ১১ দিন ধরে ডিএসইতে লেনদেনের শীর্ষ স্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড। গতকাল এ কোম্পানি ঘিরে লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকা। অর্থাত্ বেক্সিমকো ঘিরে ডিএসইতে লেনদেন হয়েছে ১৩ শতাংশের বেশি। তবে সবচে বেশি লেনদেন হয়েছে টেলিকমিউনিকেশন খাত ঘিরে। গ্রামীণফোনের দর বৃদ্ধির ভালো আয়ের প্রভাব হিসেবে গতকাল এ খাতের লেনদেন বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৬ কোটি ৬১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। এদিকে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় হারুন সিকিউরিটিজকে তিন লাখ টাকা জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিএসইসি জানিয়েছে, পরিচালক, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মার্জিন ঋণ দিয়ে আইন লংঘন করেছে হারুন সিকিউরিটিজ। এছাড়া ঋণ চুক্তি ছাড়া ঋণ প্রদান এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে ঋণ দেয়ায় হারুন সিকিউরিটিজকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।