বাড়ি ভাড়া ব্যাংকে দিতে আলাদা অ্যাকাউন্ট লাগবে না
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২০:২৩
বাড়ি ভাড়া ব্যাংকে দেয়ার ক্ষেত্রে আলাদা ব্যাংক হিসাব খোলায় কিছুটা নমনীয় অবস্থান নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাড়িওয়ালার বিদ্যমান ব্যাংক হিসাবেও বাড়ি ভাড়ার টাকা জমা দেয়া যাবে। বাড়িওয়ালাদের বাড়তি ঝামেলা এবং বাড়তি খরচের হাত থেকে রেহাই দিতে এ ব্যবস্থা নিয়েছে এনবিআর। এ বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে গতকাল মঙ্গলবার পরিপত্র জারি করা। এনবিআরের সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এনবিআর সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম গতকাল এর সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, বাড়ি ভাড়ার জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হলে বাড়িওয়ালাদের বাড়তি খরচ হবে। এতে এক ধরনের ঝামেলা তৈরি হবে। কিন্তু বিদ্যমান হিসাবে বাড়ি ভাড়ার অর্থ লেনদেন করতে কোন সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে করদাতার গৃহসম্পত্তি খাতে আয়ের সঠিক হিসাব আসুক। তবে কেউ যদি এজন্য আলাদা হিসাব খুলে লেনদেন করতে চায় তাতে কোন সমস্যা নেই।
গত বাজেটে নতুন করে বাড়ি ভাড়া ব্যাংকে লেনদেনের বাধ্যবাধকতা আরোপ করেন অর্থমন্ত্রী। কোন বাড়িওয়ালার বাড়ি ভাড়া থেকে মোট আয় ২৫ হাজার টাকার বেশি হলে ওই টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করতে হবে। এর মাধ্যমে গৃহসম্পত্তি খাতে আয়কর ফাঁকি রোধ করাই ছিল উদ্দেশ্য। চলতি জুলাই থেকে এটি কার্যকর করা হয়েছে।
বাড়ি ভাড়া কম দেখিয়ে আয়কর ফাঁকির অভিযোগ পুরনো। গত বছর এনবিআর একটি জরিপ চালিয়ে দেখেছে, কেবল ঢাকা ও চট্টগ্রামে ১ লাখ ৬৩ হাজার বাড়ি বা অ্যাপার্টমেন্টের মালিকের কোন আয়কর ফাইল নেই। আবার যাদের ফাইল আছে তাদেরও গৃহ সম্পত্তি খাতে আয় খুব কম। এটি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করে এনবিআর।