মোহনবাগানে সনি নর্দে!
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২০:৫৮
কিছুদিন আগেও জোর গলায় বলেছেন, বাংলাদেশ ছেড়ে বেলজিয়ামের একটি ক্লাবে নাম লেখাচ্ছেন তিনি। সেই সঙ্গে সনি নর্দে বারবার বলেছেন, কলকাতার কোনো দলে যাচ্ছেন না; কিন্তু রাতারাতি সেই কথা পাল্টে ফেলেছেন বলেই মনে হচ্ছে। অন্তত ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, শেখ জামাল ধানমন্ডি ক্রীড়াচক্রের এই মাঠ মাতানো তারকা আসছে মৌসুমে কলকাতার মোহনবাগান স্পোর্টিংয়েই নাম লেখাচ্ছেন বলে মনে হচ্ছে।
গতকাল ভারতের শীর্ষস্থানীয় একটি বাংলা পত্রিকা লিখেছেন, চতুর্থ বিদেশি হিসেবে মোহনবাগানে যোগ দিচ্ছেন হাইতির ফুটবলার সনি।
গত বছর শেখ জামালের হয়ে আইএফএ শিল্ডে খেলতে এসে নজর কাড়েন সনি। তখন থেকেই পরের মৌসুমে সনিকে দলে ভেড়ানোর জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগান, চার্চিলের মতো কয়েকটি দল চেষ্টা শুরু করে; কিন্তু শেখ জামাল তাকে ছাড়তে রাজি ছিল না। এর মাঝে আবার বড় টাকার প্রস্তাব পেয়ে বেলজিয়ামের এক ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন সনি। বাংলাদেশে বসে জানিয়েছিলেনও যে, তিনি বেলজিয়ামে যাচ্ছেন; কিন্তু কলকাতার পত্রিকাটি জানিয়েছে, তবে কিছু দিন আগে মোহনবাগানের দুই কর্মকর্তা বাংলাদেশে এসে সবকিছু চূড়ান্ত করে ফেলেন।
সনি নর্দে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেছেন। পাঁচ ম্যাচে ১৩টি গোলও রয়েছে। এর পর লোনে মেক্সিকোর ক্লাব সান লুইয়ে আঠারো ম্যাচে ১৮টি গোল করেন। মেক্সিকোর আলতামিরা এফসির হয়ে দশ ম্যাচে ১১টি গোল রয়েছে তার। বাংলাদেশে এসে শেখ রাসেলের জার্সি গায়ে বারো ম্যাচে ১৫টি গোল করেছেন।