নতুন ফাস্ট বোলার তৈরি করতে চান ওয়াকার

পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিস বলেছেন, আগের দফা দায়িত্বে থাকা অবস্থায় তিনি জাতীয় দলের স্পিন নির্ভরতা কমাতে এবং শক্তিশালী একটি পেস বোলিং গ্রুপ তৈরি করতে চেয়েছিলেন। এবার সেই কাজটা করতে চান তিনি। ওয়াকার বলেন, শ্রীলংকা সফরের জন্য জাতীয় দলে ডাক পাওয়া পেস বোলারদের নিয়ে ব্যক্তিগতভাবে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, ‘পাকিস্তান ফাস্ট বোলিংয়ের একটা গৌরবময় ইতিহাস রয়েছে এবং হাতে থাকা এই মেধাবীদের ফুটিয়ে তুলতে চাই। আমাদের হাতে তরুণ মেধাবী অনেক পেস বোলার রয়েছে এবং তারা উন্নতি করতে পারবে।’ ওয়াসিম আকরামের সঙ্গে নতুন বলের দারুণ শক্তিশালী একটা পার্টনারশীপ গড়ে তুলেছিলেন ওয়াকার। এ ছাড়া ফজল মোহাম্মদ, সরফরাজ নওয়াজ, ইমরান খান, শোয়েব আক্তার, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের মতো বিশ্ব মানের ফাস্ট বোলার ছিল পাকিস্তানে। কিন্তু গত দুই বছরে বিশেষ করে টেস্ট ক্রিকেটে দলটি স্পিনের ওপরই বেশি নির্ভর করে আসছে। টেস্ট ক্রিকেটে অফ স্পিনার সাঈদ আজমল এবং বাঁ-হাতি স্পিনার আব্দুল রেহমানই বোলিংয়ের মেরুদণ্ডে পরিণত হয়েছেন এবং ভাগাভাগি করে উইকেট শিকার করেছেন।