সুয়ারেজের সাথে অন্যায় করেছে ফিফা :কাভানি

ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেবার অপরাধে শাস্তি লুই সুয়ারেজের প্রাপ্য ছিল বলে মনে করলেও শাস্তিটা অস্বাভাবিক পরিমাণে বেশি ও অন্যায় বলে মনে করেন তার উরুগুয়ের সতীর্থ এডিসন কাভানি। ২৭ বছর বয়সী বার্সেলোনার নতুন চুক্তিভুক্ত উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজকে শুধু নয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হয়নি, একইসাথে চার মাসের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর তাই কাভানি মনে করেন- সুয়ারেজের প্রতি ফিফার আচরণ ন্যয়সঙ্গত হয়নি। কাভানি স্বীকার করেছেন তার সতীর্থ যে কাজ করেছে তা মোটেই ঠিক হয়নি। ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো কামড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত হলেন সুয়ারেজ; কিন্তু কাভানি মনে করেন- এত দীর্ঘ সময়ের জন্য কোন ফুটবলারকেই নিষিদ্ধ করা ঠিক নয়। স্থানীয় পত্রিকায় কাভানি বলেছেন, লুইস অবশ্যই অন্যায় কাজ করেছে এবং তাকে শাস্তি দেয়া নিয়েও আমার কোন আপত্তি নেই; কিন্তু আমি মনে করি- চার মাসের জন্য তাকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধের বিষয়টি ঠিক হয়নি। ফিফা তাকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে, একইসাথে চার মাস তাকে ফুটবল মাঠে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোন ফুটবলারেরই এটা কাম্য নয়। তারা লুইসের পরিস্থিতিকে আগ্রাসী দৃষ্টিকোন থেকে দেখেছে। এই ধরনের শাস্তি অবশ্যই জাতীয় দলকে প্রভাবিত করেছে। ফুটবলে ভুল হতেই পারে; কিন্তু বাইরে থেকে কথা বলা সহজ। এবারের মৌসুমে ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেজ; কিন্তু নিষেধাজ্ঞার কারণে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত কাতালানদের হয়ে মাঠে নামতে পারবেন না এই তারকা স্ট্রাইকার।