চীনের সঙ্গে ভেনেজুয়েলার তেল চুক্তি
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:০৪
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভেনেজুয়েলার সঙ্গে তেল এবং খনিজ দ্রব্য নিয়ে একটি বিনিময় চুক্তি স্বাক্ষর করেছেন। এ চুক্তির মাধ্যমে তারা ভেনেজুয়েলার অশোধিত খনিজ সামগ্রী ও অন্যান্য দ্রব্য ক্রেডিট লাইনের মাধ্যমে বিনিময় করবে। চীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরই ভেনেজুয়েলার দ্বিতীয় তেলের বাজার। শি জিনপিং ভেনেজুয়েলা সফর শেষে কিউবা সফর করবেন। তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাত্ করবেন।
চীনের সঙ্গে ল্যাটিন আমেরিকার যে চারটি দেশের বাণিজ্য সংকট ছিল, চীনা প্রেসিডেন্টের সমপ্রতি ঐ দেশগুলো সফরের পর তারা আবার চুক্তির আওতায় আসবে। প্রেসিডেন্ট জিনপিং ইতিমধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন।
এদিকে পাশ্চাত্য নেতৃত্বাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাল্টা নতুন উন্নয়ন ব্যাংক ও সংরক্ষিত তহবিল গঠনের লক্ষ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠন করা হয়েছে ব্রিকস ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান। ব্রিকস হচ্ছে বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ এবং বিশ্ব অর্থনীতির এক-পঞ্চমাংশের প্রতিনিধিত্বকারী জোট। এ প্রতিষ্ঠানটির ফলে এ সকল অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে আরো সুগম হবে বলে মনে করা হচ্ছে। এই ব্যাংকের প্রাথমিক মূলধন হবে পাঁচ হাজার কোটি ডলার। এর সংরক্ষিত তহবিলের পরিমাণ হবে দশ হাজার কোটি ডলার। এ ব্যাংকের জন্য চীন সরকার বেশি অর্থাত্ ৪ হাজার ১শ’ কোটি ডলারের জোগান দেবে।