নাইজেরিয়ার একটি শহর দখল করে নিয়েছে বোকো হারাম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দামবোয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বোকো হারাম জঙ্গিরা। শুক্রবার একটি পর্যবেক্ষণকারী দলের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দামবোয়ার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার থেকে সেখানে নিজেদের পতাকা টানিয়ে দিয়েছে বোকো হারাম। দামবোয়ার পর্যবেক্ষক দলের এক নেতা বলেন, তাদের সাথে বোকো হারামের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে। ঐ সংঘর্ষের পর থেকে তারা দামবোয়া ছেড়ে পালিয়ে গেছেন। বোকো হারামের জঙ্গিরা কোন জায়গা দখল করে নিলে সেনাবাহিনী দ্রুত তাদের হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে। তবে এবার বোকো হারামের জঙ্গিরা দামবোয়া দখল করে নিলেও সেনাবাহিনী তাদের পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর দামবোয়া। এটা এ অঞ্চলের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ওলুকোলাদে বলেন, দেশের কোন জায়গায় বোকো হারামের নিয়ন্ত্রণ স্বীকার করবে না সেনাবাহিনী। দামবোয়ার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেদিনের সংঘর্ষে ঠিক কতজন মারা গেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইসলামী রাজ্য প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে যুদ্ধ করে যাচ্ছে বোকো হারাম জঙ্গিরা। এবছরের এপ্রিলে চিবুকের একটি স্কুল থেকে দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।