নভেম্বরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে
মিজানুর রহমান নয়ন, চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:২১
সঠিক সময়ে সাড়ে চার কি.মি. বেড়িবাঁধ নির্মাণ কাজ না হওয়ায় চরফ্যাশনে জোয়ারের পানিতে প্লাবিত চর মাদ্রাজ ও আসলামপুর এলাকা গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিছুল ইসলাম মাহমুদ এমপি। পরিদর্শনশেষে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ষাকালে আর কোন বেড়িবাঁধ নির্মাণ বা মেরামত করা হবে না।
আগামী ১ নভেম্বর চরফ্যাশনের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণ কাজের কার্যাদেশ দেয়া হবে এবং কাজ শুরু হবে। তিনি আরও জানান, এ কাজের জন্য ১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ২০১১-১২ অর্থবছরে টেন্ডারকৃত ৯৬ কোটি টাকার কাজের জিও ব্যাগ ও বালুর গুণগত মান ভাল না হওয়ার কারণে টেন্ডার বাতিল করা হয়েছে।
বেড়িবাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে দুর্গত এলাকার মানুষের উদ্দেশ্যে চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী। এসময় মন্ত্রী বলেন, কাজে গাফিলতির জন্য পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বদলি করা হয়েছে। খুব শিঘ্রই এখানে একজন নতুন কর্মকতা দেয়া হবে। অবহিতকরণ সভায় স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তৃতা করেন।