ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের নবাবপুর রোড শাখার ক্যাশ ইনচার্জ মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় চার্জশিটের একটি কপি দাখিল করা হয়। দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা আশিকুর রহমান তা দাখিল করেন। শিগগিরিই মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিটের মূল কপি দাখিল করা হবে বলে জানা গেছে। দুদক সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংকের নবাবপুর রোড শাখার ক্যাশ ইনচার্জ মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ৩১ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এই অভিযোগে ২০১৩ সালের ২০ জানুয়ারি একই শাখার ভাইস প্রেসিডেন্ট রবিউজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে ২০১২ সালের ২২ অক্টোবর থেকে একই বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত আসামি মিজানুর রহমান ওই শাখার ১০ জন গ্রাহকের ২৬টি জমা ভাউচার নষ্ট করে অর্থাত্ গ্রাহকদের ব্যাংক হিসাবে টাকা জমা না করে সর্বমোট ৩৮ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাত্ করেছেন।