মুরাদনগরে জমির ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলনের ঘোষণা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৫৬
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা মকলিশপুর গ্যাস ফিল্ডের জন্য বাপেক্স কর্তৃক অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য না পেয়ে ক্ষোভে ফুঁসছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। জমির ন্যায্যমূল্য না পেলে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে মকলিশপুর এলাকার জমির মালিক সাধারণ কৃষকরা।
মকলিশপুর গ্রামে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্স ৭ একর ২৮ শতাংশ জমি ভাড়া নিয়ে বেশ কিছুদিন অনুসন্ধান চালিয়ে মকলিশপুর গ্রামে গ্যাসের সন্ধান পায় বাপেক্স। গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগরসহ কাউকে কোন প্রকার অবহিত না করেই সর্বনিম্ন ২ লক্ষ টাকা শতাংশ মূল্যের জমি মাত্র ১০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে কুমিল্লার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা করে। কিন্তু জমির মালিকরা ঐ টাকা গ্রহণ করবে না বলে কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিলে কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছে না।
গত শনিবার এই দাবীতে সাধারণ কৃষকরা মকলিশপুর গ্যাস ফিল্ডের সামনে মানববন্ধন করেন। উল্লেখ্য, একই ইউনিয়নে অবস্থিত অপর গ্যাস ফিল্ড তাল্লো বাংলাদেশ ৪ বছর পূর্বে জমির মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে কৃষকদেরকে পরিশোধ করেছিলো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর বলেন, বাপেক্স কর্তৃপক্ষ আমার এলাকার প্রায় অর্ধ-শতাধিক কৃষক পরিবারের সাথে প্রতারণা করছে।