ফুলবাড়ীয়ায় ভিজিএফের চাল চার কেজি করে কম দেয়ায় ক্ষোভ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৫৬
ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ১০ কেজির স্থলে ৬ কেজি করে চাল বিতরণ করায় কার্ডধারী দুঃস্থদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তদারকি কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার জানান, চাল বিতরণে সচিব-মেম্বারদের অসহযোগিতা ছিল। একজন কার্ডধারী ৪/৫ টি করে কার্ড নিয়ে এসে চাল নিয়ে গেছে। দুই একজনকে বাধা প্রদান করলে মেম্বাররা আবার সুপারিশ করে ছাড়িয়ে নিয়ে গেছে।
উপজেলার এনায়েতপুর ইউনিয়নে ৪৫৯৬টি ভিজিএফের কার্ড বরাদ্দ দেয়া হয়। রবিবার সকাল ৮টা থেকে চাল বিতরণ করার কথা ছিল। সকাল ৯টার পর চাল বিতরণ শুরু হয়। বিতরণের পর থেকেই ৬ কেজি করে চাল বিতরণ করায় কার্ডধারী দুঃস্থদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। ভিজিএফের তদারকি কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম জানান, দুপুর ১ টা পর্যন্ত চাল বিতরণ করে তিনি চলে এসেছেন। তিনি আসার সময় ৩৫শ কার্ডের চাল বিতরণ করেছেন। সে সময় কার্ডধারীদের উপস্থিতি ছিল কম।
এনায়েতপুর ইউনিয়নের সচিব অনিল চন্দ্র দেবনাথ জানান, চেয়ারম্যান ও তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাল বিতরণ কাজ শেষ করা হয়েছে। তদারকি কর্মকর্তা ১টা পর্যন্ত উপস্থিত থেকে চাল বিতরণ করেছেন। তারপরও চাল বিতরণ সুষ্ঠু হয়েছে।
এনায়েতপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।