চাঁদার দাবিতে দুই বাড়িতে বোমা হামলা

যশোর কেশবপুরে দু’বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। পুলিশ মঙ্গলবার ঘটনাস্থল থেকে বোমার স্প্রিন্টার ও একটি বোমা উদ্ধার করেছে। বোমায় কোন ক্ষতি না হলেও দু’পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শিশুবর পালের ছেলে কার্তিক পাল ও রজব আলী মাস্টারের ছেলে ইদ্রিস আলীর বাড়িতে সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এ সময় ইদ্রিস আলীর বাড়িতে নিক্ষেপ হওয়া বোমা বিস্ফোরিত হলেও কার্তিক পালের বাড়ির উঠানে বোমাটি বিস্ফোরিত হয়নি। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি। এলাকাবাসী জানায়, এ দু’ পরিবারের কাছে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল। ভয়ে তারা কেউ থানায় অভিযোগ করছে না। থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, বোমা উদ্ধার হয়েছে, থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।