নান্দাইল হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:০৭
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে গত সোমবার রাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় সেবিকার কক্ষ অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, উপজেলার ঘোষপালা গ্রামের সেলিনা আক্তার প্রচন্ড প্রসব বেদনা নিয়ে সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় দোতলায় অবস্থিত সেবিকাদের কক্ষ বন্ধ দেখতে পেয়ে প্রসূতির স্বজনেরা সেখানে অপেক্ষা করতে থাকেন। এক ঘন্টা পর প্রসূতিকে ওই ওয়ার্ডে ভর্তি করা হয়।
প্রসূতির মা আম্বিয়া খাতুন জানান, এ সময় সেখানে কর্তব্যরত সেবিকা প্রসূতির অবস্থা পর্যবেক্ষণ করে একটি স্যালাইন ও কয়েকটি ইঞ্জেকশান নিয়ে আসতে বলেন। আম্বিয়া বলেন, চিকিত্সা শুরু করার জন্য সেবিকাদের বারবার অনুরোধ সত্ত্বেও তাঁরা সেখানে না এসে একজন নারী বাবুর্চি ও ঝাড়ুদারকে পাঠিয়ে দিলে তাঁরা প্রসূতির দেহে স্যালাইন ও ইঞ্জেকশান প্রয়োগ করেন। স্বজনদের অভিযোগ দুপুর ১২টা নাগাদ অবস্থার পরিবর্তন না ঘটলে তাঁরা প্রসূতিকে জেলা সদরে নিতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। এমনকি স্যালাইন শেষ হওয়ার পর নল দিয়ে রক্ত উঠতে শুরু করলেও প্রসূতির শরীর থেকে সূঁচ খোলার জন্য সেবিকাদের সহায়তা চেয়ে পাওয়া যায়নি। বরং সেবিকারা তাদের সাথে দুর্বব্যবহার করেন। এ অবস্থায় প্রসূতি মৃত সন্তান প্রসব করলে স্বজনেরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। মৃত সন্তান প্রসবের জন্যে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ি করেন।