মালিককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

ফরিদপুরের সালথায় নজরুল শেখ নামে এক যাত্রীকে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। এঘটনায় মোটরসাইকেল চালকসহ আরো ২ জন আহত হয় । নিহত নজরুল উপজেলার নারাদিয়া গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। বাহিরদিয়া কলাপাড়া ইটের রাস্তার উপর এঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী রিনা বেগম জানান, গত সোমবার রাতে নজরুল ময়েনদিয়া বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি আসার পথে বাহিরদিয়া কলাপাড়া ইটের রাস্তা নামক স্থানে ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্য চালক ও যাত্রীদের এলোপাথাড়ী কুপায়। এসময় ঘটনাস্থলেই নজরুল মারা যান এবং ড্রাইভার হোসাইন ও আরেক যাত্রী মকিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে ভর্তি করে ও পুলিশকে খবর দেয়।