প্রতিপক্ষের দেয়া আগুনে একটি বাড়ি ভস্মীভূত
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:০৯
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর জলঢাকায় গতকাল মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আগুনে নিঃস্ব হয়েছে একটি পরিবার। এ ঘটনায় শাহিন নামে একজন আহত হয়ে জলঢাকা হাসপাতালে চিকিত্সাধীন আছে। ঘটনাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের কদমতলী এলাকার।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত আব্দুল জলিলের ছেলে শাহিনের সাথে দীর্ঘদিন ধরে তার বসতভিটা নিয়ে বিরোধ চলছে জমসেদ আলী, মাজেদুল, লিয়াকত আলী, আব্দুল হক ও নূর ইসলাম সাথে। তারই জের ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা।
সর্বস্ব হারিয়ে শাহিনের স্ত্রীর শাহানা বিলাপ করে কাঁদছে আগুনে পোড়া উঠানে। তিনি বলেন, ‘সকালে নূর ইসলামের হুকুমে আমার বাড়িতে আগুন দিয়েছে তারা। আমি এর বিচার চাই’। অভিযুক্ত নূর ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি জানি এরকম আগুনের ঘটনা ঘটবে। সে সময় আমি থানায় অবস্থান করছিলাম’। এ বিষয়ে জলঢাকা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ‘অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে’।