আমরা সাহায্য নেই কিন্তু ভিক্ষা নেই না, মেপে কথা বলবেন
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:৫৩
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লম বার্নিকাটের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেছেন, আমরা সহযোগিতা নেই, সাহায্য নেই; কিন্তু ভিক্ষা নেই না। পাইপাই করে পয়সা ফেরত দেই। যখন কোন প্রকল্প নেই সেই প্রকল্পের পয়সা ফেরত দেই। কাজেই মেপে কথা বলবেন। আজকে গাজা উপত্যকায় যখন বাবার কোলে বাচ্চা শিশুর লাশ দেখি তখন আপনাদের কোন বিবেক জাগ্রত হয় না। আর যুদ্ধাপরাধীদের শাস্তি হলে মানবাধিকার মানবাধিকার করে গলা ফাটাতে থাকেন।
কৃষিমন্ত্রী গতকাল মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া শহীদ স্মৃতি জুনিয়র বিদ্যালয় মাঠে ভিজিএফ চাল, শাড়ি ও শার্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ইলেকশনের সময় অশান্তি করেছেন, এখনো অশান্তির জন্য চেষ্টা করছেন। ঈদের পরে আন্দোলন করবেন, আমরা কারও গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেই নাই। তবে মানুষ পুড়িয়ে মারবেন, বাচ্চা পুড়িয়ে মারবেন, রাস্তা-ঘাটে যা খুশি তাই করবেন সেটা মেনে নেয়া হবে না। আমরা সরকারে আছি, যা যা করা দরকার করবো।
মন্ত্রী উপজেলার যোগানিয়া, বাঘবেড়, কলশপাড়, রাজনগর ও নন্নী ইউনিয়নের ৬ হাজার ৫০ জনকে ভিজিএফের চাল, ২৩০ জনকে বয়স্ক ভাতা, ১০৫ জনকে বিধবা ভাতা, ২৫ জনকে প্রতিবন্ধী ভাতা, ১২৮ জন শিক্ষার্থীর মাঝে থ্রিপিস, ১ হাজার ২৫০ জন দুস্থের মাঝে শাড়ি, ৫শ জনের মাঝে পাজামা এবং ৫শ জনের মাঝে শার্ট বিতরণ করেন।