সেই মাকে বুকে জড়িয়ে নিল পরের ছেলেরা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:৫৩
ভরণপোষণ না করে এক বৃদ্ধা মাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়েছিল ছেলেরা। পরে তার ঠাঁই মেলে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সেই মায়ের পাশে এসে দাঁড়াচ্ছে অনেকেই। পরের ছেলেরা পরম মমতায় বুকে জড়িয়ে নিয়েছে মা হাসিনা বেগমকে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় খন্দকার ফাউন্ডেশনের পরিচালক খন্দকার সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে সেই বৃদ্ধা মা’র জন্য বিছানা, কাপড়, ফলমূলসহ তার চিকিত্সা খরচের জন্য নগদ ১০ হাজার টাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও গাউছুল আজমের হাতে তুলে দেন।
এছাড়াও সাইফুল ইসলাম তার এক বছরের ভরণপোষণের দায়িত্ব নেন। মা’র ভরণপোষণ খরচ বাবদ তিনি প্রতি মাসে ৪ হাজার টাকা করে প্রদান করার ঘোষণা দেন।
হাসপাতালে সাইফুল ইসলাম বলেন, উনি আমার মায়ের মতো। বিবেকের তাড়নায় এই দায়িত্ব পালন করেছি।
এর আগে হাসিনা বেগমকে নগদ অর্থ প্রদান করেছে মানবিক সাহায্য সংঘ। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন হাসিনা বেগমকে মানবিক সাহায্য সংঘের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। ইউএনও গাউছুল আযম বলেছেন, মানুষ মানুষের জন্য সেটাই প্রমাণিত হল আবার। হাসিনা বেগমের ঘটনাটি আমার হূদয় ছুঁয়ে গেছে। স্বপ্ন দেখছি বয়স্কদের জন্য একটি আশ্রম করার। এর জন্য নারায়ণগঞ্জের বড় বড় বিত্তবানদের এগিয়ে আসার আহবান ও অনুরোধ জানাচ্ছি।
বৃদ্ধা হাসিনা বেগমের চিকিত্সক ডা. শারমিন আক্তার বলেন, হাসিনা বেগম আগের চেয়ে অনেক ভালো আছেন। কিন্তু তার পায়ে সমস্যা রয়েছে, যতদ্রুত সম্ভব ঢাকার হাসপাতালে চিকিত্সা দেয়ার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী হাসিনা বেগমকে তার দুই ছেলে একটি বস্তায় ভরে ফেলে দেয় ফতুল্লার শাসনগাঁও এলাকার একটি সড়কে। দুই দিন সড়কে থাকার পর ৫ দিন আগে হাসিনা বেগমকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান সদর উপজেলার ইউএনও গাউছুল আজম।