তেলাপোকা ব্যাপারই না!

খাবারের মধ্যে তেলাপোকা দেখলে ঘৃণায় গা গুলিয়ে আসবে না এমন মানুষ কমই পাওয়া যাবে। কিন্তু বেকায়দায় পড়লে অনেকের কাছে সেই তেলাপোকাই ‘খাবার’ হয়ে উঠতে পারে। যেমনটি হয়েছে চীনের এক হোটেলের পরিচারিকার বেলায়। দেশটির চেংদুয়ে একটি হোটেলে এক ব্যবসায়ী খাবার খাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন তার সালাদের মধ্যে বড় একটি তেলাপোকা হাঁটছে। তিনি হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেন। অভিযোগ পাওয়ার পর এক পরিচারিকা ছুটে এলেন। তিনি এসে কাস্টমারকে বললেন, এর আগে খাবারের মধ্যে অন্যান্য পোকাও পাওয়া গিয়েছিল! তেলাপোকা তো কোনো ব্যাপারই নয়। খাবারে তেলাপোকা কোনো ‘ব্যাপার নয়’ শুনে চোখ বড় বড় করে তাকালেন ওই ব্যবসায়ী। বিপদ সামলানোর জন্য পরিচারিকা তেলাপোকাটি ধরে নিজের মুখে পুরে দিলেন! এই দৃশ্য ক্যামেরায় তুলেছিলেন হোটেলে আসা আরেক এক আগন্তুক। পরে আন্তর্জাতিক মিডিয়ায় এটি গরম খবর হিসেবে প্রকাশিত হয়। তবে পরে অবশ্য হোটেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের মামলার হাত থেকে রেহাই পেয়েছিল। - এএনএস