হাটহাজারিতে সন্ত্রাসীদের হামলায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:৫৬
সোমবার গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা গিয়াস ?উদ্দিন। উপজেলার সত্তার ঘাটের দক্ষিণে স্লুইজ গেট এলাকায় হালদা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। এসময় গিয়াস উদ্দিনের আর্তচিত্কারে আশপাশের লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে আছেন। হাটহাজারী কলেজ ছাত্রদলের সেক্রেটারি রায়হান উদ্দিন জানান, রাত ১টার দিকে তিনি ব্যক্তিগত কাজে সত্তার ঘাট এলাকায় যান। বড়ুয়াপাড়া এলাকা পার হওয়ার সময় কয়েক দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। চেয়ারম্যানের জ্ঞান এখনো ফেরেনি। জ্ঞান ফিরলে কে বা কারা হামলা চালিয়েছে বিস্তারিত জানা যাবে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল বলেন, ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার খবর শুনেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।