আমরা অহিংস আন্দোলন করব
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:৫৭
ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশে বলেছেন, কয়েকদিন ধরে দেখছি, আওয়ামী লীগে অস্বস্তি দেখা দিয়েছে। তারা অস্বস্তিতে আছে। ভয় পাচ্ছেন কেন? আমরা তো এখনো আন্দোলন শুরু করিনি। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা অহিংস আন্দোলন করবো। কিন্তু আমাদের অহিংস আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে আক্রমণ চালাবেন না।
গতকাল ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংগঠনের ডিএমসিএইচ শাখার সভাপতি ডা. একেএম মহিউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এজেডএম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি একেএম আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
মির্জা আব্বাস শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সামনে কথা না বলা সম্পর্কে তিনি বলেন, ঐ সময় আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম। সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারিনি।
মির্জা আব্বাস আজ
সভা ডেকেছেন
ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে সভা ডেকেছেন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। আজ বুধবার দুপুর ১২টায় নয়া পল্টনের ভাসানী ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ১২টায় নয়া পল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে নবগঠিত আহ্বায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টাসহ কমিটির অন্তর্ভুক্ত সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।