সচিব নিয়োগে আপত্তি জানিয়ে কেবিনেটে দুদকের চিঠি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব নিয়োগ অসঙ্গতিপূর্ণ বলে জানিয়েছে দুদক। বিধি অনুযায়ী সচিব নিয়োগে কমিশনের পরামর্শ গ্রহণের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে তা করা হয়নি বলে দুদক অভিযোগ করেছে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে দেয়া চিঠিতে কমিশন এ কথা জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ চিঠির অনুলিপি দেয়া হয়েছে। দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশন বৈঠকে ভারপ্রাপ্ত সচিব মো. হুমায়ুন খালিদের নিয়োগ অসঙ্গতিপূর্ণ বলা হয় এবং বিষয়টি সরকারকে জানানোর সিদ্ধান্ত নেয়া হয়। গত ১৫ জুলাই দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়। এরপর থেকে দুদক সচিবের পদটি শূন্য ছিল। ২০ জুলাই যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন খালিদকে দুদকের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়। দুদক আইনের ৩ (২) ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। একই আইনের ১৬ (১) ধারায় বলা হয়েছে, কমিশনের একজন সচিব থাকবেন, যিনি কমিশন কর্তৃক নিযুক্ত হবেন। এই পদটি প্রেষণ পদ। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু কমিশন কর্তৃক নিযুক্ত হবার বিধান থাকায় কমিশনের সঙ্গে পরামর্শ নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে কমিশন মনে করে। ২০০৫ সালে সরকার নিযুক্ত এক সচিবকে ফেরত পাঠিয়েছিল কমিশন।