ছাত্রলীগ নেত্রীকে হত্যার হুমকি!
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২৩:০৩
যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইন্টার্নি ডাক্তার মল্লিকা খাতুন ইতি জানালেন, তার স্বামী ছাত্রলীগের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিপু তাকে মেরে ফেলবে। সোমবার রাতে ইতি নির্যাতন চালানোর কথা বলে হাসপাতালে ভর্তি হন। এরপরই তার মোবাইল ফোনে দিপু ফোন করে হুমকি দিয়ে বলেছেন, ‘তুই যশোর থেকে চলে না গেলে তোকে মেরে ফেলা হবে।’ আতঙ্কিত ইতি মঙ্গলবার সকালে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে চলেও গেছেন।
আর ছাত্রলীগ নেতা দিপু দাবি করেছেন, তিন মাস আগে তিনি ইতিকে তালাক দিয়েছেন। এরপরও ইতি তার বাড়িতে গিয়ে ওঠায় পুলিশের সহযোগিতায় তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তার ওপর কোনো নির্যাতন চালানো হয়নি। এ নিয়ে তারা দু’জনই যশোর কোতোয়ালি মডেল থানায় পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিপু যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের নূর-ই-আলমের ছেলে এবং উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মল্লিকা খাতুন ইতি পাবনার বেড়া উপজেলার আল হেরা নগর এলাকার সোহরাব হোসেনের মেয়ে।
ইতি অভিযোগ করেন, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। বিয়ের ৩ মাস পর থেকে দিপু তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে বিভিন্ন সময় তার ওপর নির্যাতন করা হয়েছে। গত ১৯ জুলাই ইতি শ্বশুরবাড়ি গেলে তাকে মারপিট করে তাড়িয়ে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুই ছাত্রলীগ নেতার পাল্টাপাল্টি অভিযোগ তারা খতিয়ে দেখছেন।