ঈদের তারকা তিনি

এবারের ঈদ উত্সবেও আসছেন সালমান খান। এই ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কিক্’। ইতোমধ্যেই মুক্তি প্রতীক্ষিত নতুন এই ছবি দিয়ে বাজার জমিয়ে ফেলেছেন সালমান। বলা হচ্ছে মুক্তির আগেই নানা হিসাব-নিকাশে তার নতুন এ ছবি এক শ কোটি রুপির ক্লাবে ঢুকে গেছেন। গত বছরের ঈদে অনুপস্থিত থাকলেও এর আগে পর পর কয়েক বছরের ঈদ উত্সবে অভিনীত ছবি দিয়ে বাজিমাত করেছেন বলিউডের দুর্দান্ত এই সুপারস্টার। ৪৮-এ পৌঁছে সালমান জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। তাকে টলানো যাচ্ছে না কোনোভাবেই। ঈদের ছবির সাড়া জাগানো তারকা সালমান খানকে নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন সালমান খান। গত বেশ কয়েক বছর ধরে লাগাতার ব্লক বাস্টার সিনিমা উপহার দিয়ে চলেছেন তিনি। সালমান খান মানেই ১০০ কোটি রুপির ব্যবসা নিশ্চিত—তেমন একটি কথা এখন বেশ জোরেশোরেই উচ্চারিত হয় বলিউডে। ফলে নির্মাতারা তার দাবি অনুযায়ী আকাশ ছোঁয়া পারিশ্রমিকের দাবি মিটিয়ে তাকে ছবিতে নিতে মোটেও দ্বিধা করেন না। কারণ সালমান থাকলে সে ছবি কয়েক শ কোটি রুপি ব্যবসা করবে এটা নিশ্চিত। এবারের ঈদের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘কিক্’ নিয়েও তেমন আলোচনা এখন বেশ জমজমাট। গত বছরের হিসাবে ‘দাবাঙ’ খ্যাত এ অভিনেতা চলচ্চিত্রে অভিনয় ও বিভিন্ন পণ্যের অ্যাডে কাজ করে প্রায় ১৫৭ দশমিক ৫ কোটি রুপি উপার্জন করেছেন। এ বছরের প্রথম দিকে মুক্তিপ্রাপ্ত সালমানের ‘জয় হো’ ছবিটি তার অন্যান্য ছবির তুলনায় ততটা ভালো ব্যবসা করতে পারেনি বলা হলেও বাস্তবে ছবিটি ১২৪ কোটি রুপি ব্যবসা করেছে বলে জানা যায়। তাহলেই বুঝুন ব্যাপারটা! এবারের ঈদ উত্সবে মুক্তি পাচ্ছে সালমানের নতুন ছবি ‘কিক্’। অ্যাকশন ধাঁচের এ ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কোনো ছবি থাকছে না। এ ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী সালমান আবারও বাজিমাত করবেন আগে ভাগেই ধারণা করা হচ্ছে। ‘কিক্’ ছবিটি একই নামের আরেকটি তেলেগু হিট সিনেমার রিমেক। এ ছবির মাধ্যমে পরিচালক রূপে আত্মপ্রকাশ ঘটছে বলিউডের আলোচিত সুপারহিট ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদ ওয়ালার। ‘কিক্’ ছবিটি নির্মাণের শুরু থেকেই নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। শুরুতে সালমানের বিপরীতে বলিউডে বেশ কয়েকজন শীর্ষ জনপ্রিয় নায়িকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ জুটি বেঁধেছেন তার সঙ্গে। এবারই প্রথম তারা পর্দা জুটি বেঁধে আসছেন দর্শকের সামনে। জ্যাকুলিন-সালমান জুটিকে পর্দায় দেখার জন্য দর্শকদের কৌতূহল উপচে পড়ছে এখন। ইতোমধ্যে ‘কিক্’ ছবির নাচ-গান আর প্রমোতে তাদের দুজনকে এক সঙ্গে দেখে দর্শকও উচ্ছাস প্রকাশ করেছেন। প্রথমবার জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়ালেও সালমান-জ্যাকুলিনের পর্দা রসায়ন বেশ জমজমাট হবে অনুমান করা যায়। জ্যাকুলিন এর আগে বলিউডের আরও কয়েকজন নায়কের সঙ্গে অভিনয় করলেও সালমান খানের মতো বড় মাপের তারকার সঙ্গে পর্দায় জুটি বেঁধে অভিনয়ের সুযোগ পাননি। ‘কিক্্’ ছবিতে তেমন বড় সুযোগ পেয়ে জ্যাকুলিনও স্বাভাবিকভাবে দারুণ উচ্ছ্বসিত এবং শিহরিতও বটে। সালমান খান থাকলে সে ছবিতে নায়িকার আর করার কিছু থাকে না। সালমানই হয়ে ওঠেন সর্বসেবা। একচ্ছত্র দাপট নিয়ে পর্দায় বিচরণ করেন তিনি। ‘কিক্’ ছবিটিও তার ব্যতিক্রম নয়। এখানেও তাকে চোখ ধাঁধানো নাচ-গানের দৃশ্যে যেমন দেখা যাবে তেমনিভাবে শ্বাসরুদ্ধকর অ্যাকশন স্ট্যান্ট দৃশ্যে নিজের আলাদা কারিশমা দেখাবেন। এ ছবিতে সালমান প্রাধান্য বিস্তার করলেও নায়িকা হিসেবে জ্যাকুলিনও তার গ্ল্যামার দিয়ে দর্শকদের ভীষণভাবে আকৃষ্ট করতে সক্ষম হবেন। বলিউডের ট্রেড পণ্ডিতদের ভাষ্য হলো, সালমান খানের কারণে ‘কিক্’ ছবিটি বড় অংকের মুনাফা অর্জন করবে। গত বেশ কয়েক বছর ধরে ঈদের উত্সবে ব্লকবাস্টার সিনেমা নিয়ে উপস্থিত হচ্ছেন সালমান। ২০১১ সালের ঈদে মুক্তি পায় তার ‘বডিগার্ড’ ছবিটি। ২০১২ সালে ‘এক থা টাইগার’। দুটি ছবিই ১০০ কোটি রুপি ব্যবসা করে অনায়াসেই। গত বছর ঈদে সালমান ছিলেন অনুপস্থিত। তখন মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। যা কয়েক শ কোটি রুপি ব্যবসা করেছে। এবার ঈদ উত্সবে সালমানের ‘কিক্্’-এর ব্যবসায়িক সাফল্য গত বছরের শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সাফল্যকে ছাড়িয়ে যাবে কি না তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।