ঈদে ৭ চলচ্চিত্র

ঈদের চলচ্চিত্র নিয়ে দর্শকের মধ্যে সবসময়ই থাকে একটু আলাদা আগ্রহ। এবারের ঈদেও ঠিক তাই ঘটতে যাচ্ছে। ঈদের চলচ্চিত্রের সার্বিক খবরাখবর নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন সাবিহা সুলতানা জেমি এবার ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে মোট ৭টি চলচ্চিত্র। এর মধ্যে দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাবে ৪টি এবং চ্যানেলে মুক্তি দেওয়া হবে মোট ৩টি চলচ্চিত্র। চিত্রনায়ক শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে মুক্তি পাবে ‘হিরো দ্য সুপারস্টার।’ বদিউল আলম খোকনের পরিচালনায় এতে শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগরসহ আরও অনেকে। চিত্রনায়ক অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান মুনমুন ফিল্মস থেকে মুক্তি পাবে ‘মোস্ট ওয়েলকাম টু’। অনন্ত জলিলের পরিচালনায় এ চলচ্চিত্রে তার বিপরীতে আছেন অভিনেত্রী বর্ষা। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে ‘হানিমুন’। সাফি উদ্দিন সাফির পরিচালনায় এ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পী সাহা ও মাহিয়া মাহি। গ্রামীণ কথাচিত্রের প্রযোজনায় মোহাম্মদ হোসেনের পরিচালনায় মুক্তি পাবে চলচ্চিত্র ‘আই ডোন্ট কেয়ার।’ এতে অভিনয় করেছেন বাপ্পী সাহা, ববি ও নিপুণসহ আরও অনেকে। অন্যদিকে মুক্তির মিছিলে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’, পিএ কাজলের ‘মুক্তি’ এবং গীতালি হাসানের ‘প্রিয়া তুমি সুখী হও’। তবে এগুলো এখন পর্যন্ত চ্যানেলে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানা যায়। বিগ বাজেটের চলচ্চিত্র হিসেবে প্রথমেই বেশ আলোচিত অনন্ত জলিলের ‘মোস্ট ওয়েলকাম টু’। এদিকে অনন্ত জলিলের প্রতিযোগী হিসেবে সুপারস্টার শাকিব খানকে ভাবা হচ্ছে। প্রথম প্রযোজিত চলচ্চিত্র ‘হিরো দ্য সুপারস্টার’ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘একজন প্রযোজক কত কষ্ট করে ছবি নির্মাণ করেন তা বুঝতে পেরেছি। তাই এখন থেকে অন্যের ছবিতে কাজ করার সময় সিডিউল নিয়ে কোনরকম ঝামেলা করব না। আমার চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকের প্রতি অনুরোধ থাকল।’ বিগ বাজেটের চলচ্চিত্র না হলেও ভালো বাজেটের ছবি ‘আই ডোন্ট কেয়ার’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ হোসেন। এদিকে, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘হেডমাস্টার’, ‘মুক্তি’, ‘প্রিয়া তুমি সুখী হও’ চলচ্চিত্র তিনটিও ঈদুল ফিতরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। তবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার মাধ্যমে দর্শককে ছবি দেখানোর পক্ষপাতি নন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাতে চলচ্চিত্রের দর্শক কমে যায়, চলচ্চিত্র ব্যবসার ক্ষতি হয়।